258485

‘শিক্ষা কর্মকর্তা’ সেজে পরীক্ষার হলে, অতঃপর…

সিলেটের ওসমানীনগরে শিক্ষা মন্ত্রণালয়ের এক ভুয়া কর্মকর্তাকে আটকের পর ১ মাসের সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সামছুদ্দোহা শাওন (১৮) বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামের আতাউর রহমানের পুত্র এবং তাজপুর ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী।জানা যায়, সামছুদ্দোহা শাওন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দয়ামীর ইউনিয়নের সদরুন নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আইন ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দেয়। এতে পরীক্ষার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালামের সন্দেহ হলে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট করে ভুয়া কর্মকর্তার প্রমাণ পেলে তাকে বিনাশ্রম এক মাসের কারাদণ্ড দিয়ে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।শাওনের কাছে বিভিন্ন ভুয়া পরিচয়পত্র ও কাগজপত্র পাওয়া গেছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ঠিকানা সম্পর্কেও ভুল তথ্য দেয়। এখানেই শেষ নয়, শাওন ওই দিন সকাল সাড়ে ১১ টায় হযরত শাহজালাল (রাহ.) ফাযিল মাদরাসায় গিয়েও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দেয়।তাছাড়া এর বেশ কিছু দিন পূর্বেও শাওন গোয়ালাবাজার সরকারী মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করে এবং এক ছাত্রীর বিরুদ্ধে কথাবার্তা বলে।

শাওনের মামা বালাগঞ্জের নুরপুর গ্রামের খছরু মিয়া জানান, তাকে ২০ দিন ধরে খুঁজে পাচ্ছি না। আজও তার বাবা তার খুঁজে সিলেট আছেন। সে তার মা বাবার একমাত্র সন্তান। তার অপকর্মের কারণে তার বাবা বিদেশ থেকে ভিসা বাতিল করে বাড়িতে চলে আসেন। আমরা তার অপকর্মের দায়ভার নিব না। ভুয়া কাগজ লিখে দেয়ার কারণে তাজপুর বাজারের কম্পিউটার দোকানের এক কর্মচারীর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।ভুয়া কর্মকর্তার দণ্ড দেয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছূর রহমান বলেন, ভুয়া শিক্ষা কর্মকর্তার পরিচয় ও পরীক্ষার আইন ভঙ্গ করায় তাকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত