সংসদে যে সারিতে, যে আসনে জায়গা পেলেন মাশরাফি
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) যোগ দিয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।মঙ্গলবার বিকাল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি বিন মর্তুজা। এর আগে সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।গত ৩০ জানুয়ারি একাদশ সংসদ অধিবেশনের যাত্রা শুরু হলেও বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা থাকায় ওই দিন এবং গতকাল পর্যন্ত অধিবেশনে উপস্থিত হননি মাশরাফি।
গায়ে স্যুট-কোট পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদে আসেন মাশরাফি। এসেই সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে ৭ নং সারিতে নিজের আসনে বসেন মাশরাফি। বাংলাদেশ দলের অধিনায়ক বসার সঙ্গে সঙ্গে তার আশপাশের এমপিদের মধ্যে এক ধরনের কৌতূহল দেখা দেয়। সংসদের আর্দালিসহ অন্যান্য সংসদ সদস্যরাও কথা বলেন।এদিকে মাশরাফি যখন সংসদ কক্ষে প্রবেশ করেন তখন মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল। তাও আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।




