257243

আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে ফখরুল

শ্বাসকষ্টজনিত রোগে চিকিৎসাধীন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে যান মির্জা ফখরুল। সেখানে কিছু সময় এই প্রখ্যাত সুরকারের শয্যার পাশে থাকেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এসময় সুরকার আলাউদ্দিন আলীর স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন বিএনপি মহাসচিব।হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন সুরকার মনিরুজ্জামান মনির, কণ্ঠশিল্পী মনির খান, চিত্রনায়ক হেলাল খান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ।

এর আগে গত ২২ জানুয়ারি আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে লাইফ সাপোর্টে নেয়া হয়।এদিকে আলাউদ্দিন আলীর মেয়ে কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্টের পর তাৎক্ষণিকভাবে তার বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রক্তচাপ কমে যাওয়ায় তার রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল। এছাড়া ফুসফুসে সমস্যা ছাড়াও রক্তে সংক্রমণ এবং নিউমোনিয়াও আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।উল্লেখ্য, ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে আলাউদ্দিন আলীর জন্ম। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী এই সুর ও সংগীত পরিচালক।

ad

পাঠকের মতামত