ওসি মোর্শেদের শাস্তি চান প্রবাসীরা
প্রবাসীদের নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে ফেনীর ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদকে প্রত্যাহার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ জানুয়ারি ছাগলনাইয়ার ওসি এমএম মোর্শেদ স্থানীয় হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বাল্য রোধ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রায় এক কোটি ৩০ লাখ প্রবাসীকে অপমান করে তিনি বলেন, প্রবাসীদের তোমরা কেউ বিয়ে করবে না। বিয়ে করলে তারা তিন মাস পরে চলে যায়। তারপর তাদের মায়েরা তোমাদের সাথে কাজের মেয়ের মত আচরণ করবে। যদি তোমাদের মা-বাবা জোর করে বিয়ে দিতে চায় তাহলে তোমরা ৯৯৯ নাম্বারে কল দেবে। আমরা তার ব্যবস্থা নেব।প্রবাসীদের বিরুদ্ধে ওসির এমন মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য বক্তারা সরকার ও পুলিশের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন। তারা ওসিকে প্রত্যাহার করার এবং এধরনের বক্তব্যের জন্য তার শাস্তির দাবি জানান। তা না হলে প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশন প্রবাসীদের নিয়ে আরো বড় আন্দোলনের ডাক দেবে বলে ঘোষণা দেন।মানববন্ধনে সংগঠনের সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ হায়দার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।




