255384

সিক্সার্সকে ৫ উইকেটে হারিয়ে দিল রাজশাহী কিংস

বিপিএলের চলতি আসরের শুরু থেকে উড়তে থাকা ঢাকা ডায়নামাইটস এবার বিপদেই পড়ে গেল! চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে আজ রাজশাহী কিংস ৫ উইকেটে হারিয়ে দিয়েছে সিলেট সিক্সার্সকে। এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে মিরাজ বাহিনী। যে কারণে পাঁচ নম্বরে নেমে যেতে হয়েছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসকে! চট্টগ্রামে আজ রাজশাহীর এই দারুণ জয়ে বড় অবদান দুই বিদেশি লরি ইভান্স এবং টেন ডয়েশ্চটের ১১৭ রানের জুটির।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান তাড়ায় নেমে ১৪ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী কিংস। তাসকিন আহমেদের বলে এবাদত হোসেনের তালুবন্দি হন জাকির হাসান (৭)। অলক কাপালির ঘূর্ণিতে শাহরিয়ার নাফীস ফিরেন ১৩ বলে ৯ রানে। এই কাপালির বলেই সীমানার ওপর থেকে ২৬ বলে ৩৯ করা অপর ওপেনার জনসন চার্লসের ক্যাচ অসাধারণ দক্ষতায় তালুবন্দি করেন সাব্বির রহমান।

এরপর মারদাঙ্গা ব্যাটিং শুরু করেন দুই বিদেশি লরি ইভান্স এবং টেন ডয়েশ্চট। ১১৭ রানের জুটি গড়েন তারা। এই দুজনের জুটিতে ভর করেই জয়ের ভিত তৈরি হয় রাজশাহী কিংসের। সোহেল তানভীরের বলে ১৮ বলে ৪২ করা ডয়েশ্চট যখন আউট হন, রাজশাহী তখন জয়ের দোরগোড়ায়। তানভীরের বলেই ৩৬ বলে ১০ চার ৩ ছক্কায় ৭৬ রান করা লরি ইভান্স আফিফ হোসেনের চোখ ধাঁধানো ক্যাচে পরিণত হন। ক্রিশ্চিয়ান জংকার আর সৌম্য সরকারের ব্যাটে তাসকিন আহমেদের দুই ওয়াইডে ৫ উইকেট আর ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মিরাজ বাহিনী।

এর আগে বুধবার দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৯ রান তোলে সিলেট সিক্সার্স। ব্যাট হাতে ঝড়ো শুরু করেছিলেন লিটন দাস। ৬ বলে ১ চার ১ ছক্কায় ১০ রান করা এই ওপেনারকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন আরাফাত সানি। তিন নম্বরে নামা জেসন রয় আজ ব্যর্থ। ৮ বলে ১৩ রান করে মুস্তাফিজের কাটারে ঘায়েল হন। ২৫ বলে ২৯ রান করা আফিফকে মুস্তাফিজের তালুবন্দি করেন কিংস অধিনায়ক মিরাজ।

বিধ্বংসী হয়ে ওঠেন সাব্বির। কামরুল ইসলামের বলে ডয়েশ্চটের হাতে ধরা পড়ার আগে করেন ৩৯ বলে ৪ চার ২ ছক্কায় ৪৫ রানের জুটি। সাব্বিরের বিদায়ের সঙ্গেই ভাঙে নিকোলাস পুরানের সঙ্গে ৯৪ রানের জুটি। ঠিক পরের বলেই মোহাম্মদ নওয়াজকে (০) ফিরিয়ে দেন কামরুল। মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পুরান। শেষ পর্যন্ত ৩১ বলে ৬ চার ৬ ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবীয় তারকা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সিলেট সিক্সার্সর সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রান।

উল্লেখ্য, আজ দিনের প্রথম ম্যাচে তারকাবহুল ঢাকা ডায়নামাইটসকে ১১ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। ঘরের মাঠে চার ম্যাচে এটাই তাদের প্রথম জয়। এই ম্যাচেই চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক উপহার দিয়েছেন ঢাকার ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল।

ad

পাঠকের মতামত