সংসদের সব খবর রাখছি, তবে এখন কিছু বলবো না: ড.কামাল
একাদশ জাতীয় সংসদ অধিবেশনের বিষয়ে ‘খোঁজখবর নেয়ার পর পর্যবেক্ষণ করে’ গণফোরামের পক্ষ থেকে লিখিতভাবে বক্তব্য দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।তিনি বলেছেন, ‘সংসদে কী হচ্ছে, না হচ্ছে, সব খোঁজখবর আমরা রাখছি। অনেক বিতর্কিত বিষয় আছে। তবে এখন আমরা এ বিষয়ে কোনও কথা বলবো না। পর্যবেক্ষণ করে আমরা লিখিতভাবে বলবো।’বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে আয়োজিত দলের কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ড. কামাল এ কথা জানান।
এসময় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল আরও বলেন, ‘আজকে আমরা এ বিষয়ে কোনও কথা বলবো না। বিক্ষিপ্তভাবে কিছু বলতে চাই না। পরে এজেন্ডা ঠিক করে বলবো। হালকা করে কিছু বলতে চাই না।’গণফোরামের দু’জন নির্বাচিত প্রার্থির শপথ গ্রহণ ও প্রধানমন্ত্রীর চা-চক্রের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এসব বিষয়ে এখন আমরা কিছু বলতে চাই না।’ঐক্যফ্রন্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট একশভাগ ঐক্যবদ্ধ আছে। ঐক্য আছে ষোল কোটি মানুষকে নিয়ে। ঐক্য তো অবশ্যই আছে।’
ড. কামাল বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবো। জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। এদেশের ক্ষমতার মালিক জনগণ। জনগণকে সে মালিকের ভূমিকায় রাখতে হলে একটি সংগঠন প্রয়োজন। সে সংগঠনের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে এসেছি। সে কাজে আমরা সফলতাও পেয়েছি।’ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা কাজ করে যাবো। এই শক্তি হচ্ছে দেশের জনগণ। এটা কথায় নয়, কাজে পরিণত করতে হবে।’কামাল হোসেন বলেন, ‘প্রত্যেক নিবাচনের আগে আমরা দেশব্যাপী আন্দোলন করি। আবার জনগণকে সংগঠিত করে আমাদের লক্ষ্যগুলোকে কেন্দ্র করে জনগণের আন্দোলন গড়ে তুলবো। মূল শক্তি হচ্ছে আমাদের জনগণের ঐক্য।’
তিনি বলেন, ‘যারা স্বৈরাচার, যারা জনগণের ক্ষমতাকে সহ্য করতে চায় না, আমাদের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করতে চায়।’দলের পঞ্চম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গণফোরামের নিবাহী সভাপতি সুব্রত চৌধুরী, মোকাব্বির খান ও রেজা কিবরিয়া প্রমুখ।আগামী ২৩, ২৪ মার্চ জাতীয় কাউন্সিলের দিনক্ষণ নিধারণ করেছে গণফোরাম। তবে স্থান পরবর্তীতে জানানো হবে। দল থেকে জানানো হয়, আইডিইবি মিলনায়তনের জন্য আবেদন করা হয়েছে।




