ছাত্রলীগকর্মীকে পুলিশের পিটুনি, সড়ক অবরাধ
মোটরসাইকেলের কাগজপত্র দেখা নিয়ে ছাত্রলীগকর্মী আবির হোসেন ইভানকে পুলিশ বেধড়ক লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।বুধবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট চেকিংয়ের সময় ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের যৌথ অভিযান চলাকালে স্কাউট সদস্যদের সাথে ছাত্রলীগকর্মী আবির হোসেন ইভানের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ ইভানকে বেধড়ক লাঠিপেটা করে।
এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এক পর্যায়ে শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ছাত্রলীগ।পরিস্থিতি সামাল দিতে জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেন, জেলা পরষিদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু, মেয়র খুরশিদ হায়দার টুটুল এবং অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবস্থান তুলে নেয় ছাত্রলীগ।




