‘ওরা ভীত’
ডেস্ক রিপোর্ট।। ভারতের লোকসভা নির্বাচনে মোদিকে গদিচ্যুত করতে এক জোট হচ্ছে বিরোধী দলগুলো। এ জোট সম্পর্কে নিজের মত দিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি মনে করেন, মতের ভিন্নতা থাকা সত্ত্বেও ওই দলগুলো জোট বাঁধছে আসলে নিজেদের স্বার্থেই। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যে দুর্নীতির তদন্ত শুরু করেছি, সে কারণে ওরা ভীত এবং নিজেদের রক্ষার জন্যই আমাকে সরিয়ে দিতে ওরা মরিয়া হয়ে উঠেছে। এটাই আসল কারণ।’ গতকাল এনডিটিভি এ খবর দেয়।
এই মাসেই পশ্চিমবঙ্গের রাজধানীতে মোদিবিরোধী মহাসমাবেশ হয়েছে। সেখানে ২৩টি দলের নেতাকর্মীরা অংশ নেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভায় বলেন, ‘মোদির দিন ফুরিয়ে গেছে।’ তিনি তার বক্তব্য শেষ করেন এই বলে যে, ‘মোদি হটাও, দেশ বাঁচাও।’ এ বছর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে মহাজোট গঠনের কথা কয়েক মাস ধরেই ভাবছে দেশটির বিরোধী দলগুলো।
কিন্তু এই ঐক্যজোটের নেতৃত্ব দেবেন কে, কেইবা হবেন প্রধানমন্ত্রীÑ এসব নিয়ে দলগুলো এখনো স্পষ্ট কোনো অবস্থানে পৌঁছতে পারেনি। বিরোধীদের এমন তৎপরতাকে তেমন পাত্তা দিচ্ছে না বিজেপি। মোদির বিশ্বাস, বিজেপি আবার ক্ষমতায় আসবে। কারণ তিনি মনে করেন, অন্য দলগুলো যেখানে কোনো না কোনো পরিবারের কাছে জিম্মি, আর অন্যদিকে বিজেপি হলো জনগণের পরিবার।




