বিপদে চিত্রনায়িকা আইরিন, থানায় জিডি
বিনোদন ডেস্ক : থানায় অভিযোগ দায়ের করলেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখ আইরিন সুলতানা। তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে সংঘবদ্ধ একটি চক্র অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে এমন অভিযোগ এনে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন এই অভিনেত্রী। জিডি নং ১১৪১।এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘শুক্রবার আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। ওইদিনই সন্ধ্যায় আমি কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তাদের সহযোগিতায় ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে। কিন্তু মেসেঞ্জার এখনও চালু আছে।’
আইরিন আরও বলেন, ‘আমার ফেসবুক হ্যাক করে, ফেসবুক বন্ধুদের কাছে টাকা-পয়সা চাওয়া ও নানা ধরনের মন্তব্য করে যাচ্ছে চক্রটি। আমার এক ফেসবুক বন্ধু বিষয়টি সম্পর্কে প্রথমে আমাকে জানান। ওর কাছে বেশ কিছু টাকাও চেয়েছে চক্রটি। সঙ্গে বিকাশ করার জন্য একটি মোবাইল নাম্বার দিয়েছে। জানি না, এমন আর কার কার কাছে টাকা চেয়েছে চক্রটি। বিষয়টি জানার পরপরই আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।’অপ্রীতিকর এসব ঘটনায় কাছের মানুষ, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধও করেন এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মধ্য দিয়ে রূপালি ভুবনে পা রাখেন আইরিন। এরপর তিনি অভিনয় করেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ বেশ কয়েকটি ছবিতে। বর্তমানে তিনি অভিনয় করছেন হারুন-উজ-জামানের ‘পদ্মার প্রেম’ ও ‘সেইভ লাইভ’ নামে ছবিতে।




