চার ম্যাচ নিষিদ্ধ সরফরাজ
স্পোর্টস ডেস্ক: বর্ণবাদী মন্তব্য করে ক্ষমা চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকা টিম থেকে শুরু করে আন্দিলে ফেলুকোয়ায়োর কাছেও ক্ষমা চেয়েছিলেন। তাতেও রক্ষা হলো না পাকিস্তান অধিনায়কের। তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।দ্বিতীয় ওয়ানডেতে সরফরাজের এমন বর্ণবাদী মন্তব্যটি ছিলো আন্দিলে ফেলুকোয়ায়োকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার ৩৭তম ওভারে বল করছিলেন শাহীন শাহ আফ্রিদি। ওই ওভারেই জীবন পেয়ে যান ব্যাট হাতে প্রতিরোধ গড়া ফেলুকোয়ায়ো। মেজাজ হারিয়ে তখন বর্ণবাদী মন্তব্য করেন উইকেটকিপার সরফরাজ। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে পাকিস্তান অধিনায়ক তখন কী বলছিলেন, ‘আরে কালো, তোর মা কোথায় বসে আছে? আজ কী প্রার্থনা করছে তোর জন্য।’
এমন বর্ণবাদী আচরণ আইসিসির বিধি বহির্ভুত। তার ওপর বর্ণবাদী আচরণ তো ঘোরতর অপরাধ। তার মন্তব্যের পর থেকেই সমালোচনার ঝড় চলতে থাকে। সরফরাজ পরিস্থিতি বুঝে সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চাইলেও তার নিষেধাজ্ঞার বিষয়টি আইসিসি রোববারই জানিয়েছে বিবৃতিতে। চার ম্যাচের নিষেধাজ্ঞায় প্রোটিয়াদের বিপক্ষে দুই ওয়ানডে তো বটেই প্রথম দুই টি-টোয়েন্টিতেও খেলা হবে না তার।




