ফের বিয়ের পিঁড়িতে রজনীকান্তের মেয়ে
বিনোদন ডেস্ক: নতুন বছরে আরেকটি চোখ ধাঁধানো রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে বিনোদন দুনিয়া। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্তের কন্যা সৌন্দর্যের বিয়ে আগামী মাসেই। এটি তাঁর দ্বিতীয় বিবাহ।রজনীকান্তের দুই মেয়ে, একজন ঐশ্বর্য ও অন্যজন সৌন্দর্য। ১১ ফেব্রুয়ারি অভিনেতা ও ব্যবসায়ী বিশাগন ভানঙ্গামুদির সঙ্গে চেন্নাইয়ের এমআরসি নগরে বিয়ে করবেন তারকাকন্যা সৌন্দর্য। গেল বছর তাদের আংটিবদল হয়েছে। এই অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্যরাই অংশ নেন।
সৌন্দর্য-বিশাগনের বিবাহপূর্ব অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিয়ের আগে রজনীকান্তের চেন্নাইয়ের বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে।সৌন্দর্যের হবু বর বিশাগনেরও এটি দ্বিতীয় বিবাহ। তিনি প্রথমে একটি পত্রিকার সম্পাদক কনিকা কুমারের সঙ্গে বিয়ে করেছিলেন, কিন্তু পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।অন্যদিকে ২০১০ সালে সৌন্দর্য ব্যবসায়ী অশ্বিনকে বিয়ে করেন। তাঁদের ঘরে একটি ছেলেসন্তানও রয়েছে।




