গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা
নিউজ ডেস্ক।। দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে এক গৃহবধূকে (২৪) ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে পান দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। অভিযুক্তের নাম- মোসলেম উদ্দিন গেল্লু (৫০)। তার বাড়ি উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ায় (পাঠানপাড়া)। মোসলেম একজন পান দোকানদার।
জানা গেছে, গতকাল দুপুরে মোসলেম একই ইউনিয়নের হাজী দরিবুল্লাহ্পাড়ার ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মোসলেম পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্জাহান পাশা জানান, তদন্তে ঘটনার সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




