দুই শিশু খুন: মিলেছে ধর্ষণের আলামত
ডেমরায় ৪ বছর বয়সী দুই শিশুকে হত্যার আগে একজনকে ধর্ষণ ও অপরজনকে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।দুই শিশুর মধ্যে ফারিয়া আক্তার দোলাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে এবং অপর শিশু নুশরাত জাহানকেও ধর্ষণের চেষ্টা করা হয়।বৃহস্পতিবার ময়নাতদন্তকারী চিকিৎসক এস এম নওশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে গত ২২ জানুয়ারি শিশু দুটিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট দেয়া হয়েছে বলে জানান মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই মো. শাহ আলম।
এসআই মো. শাহ আলম জানান, মামলাটি আগে ৩০২, ২০১ ও ৩৪ ধারায় থাকলেও এখন নতুন করে আরও দুটি ধারা ৯/১ ও ৯/৪ (খ) ধারা যুক্ত করা হয়েছে। এ ছাড়া চার্জশিটে মেডিকেল রিপোর্টের কথাও উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ফরিদ উদ্দিন বলেন, চার্জশিট চূড়ান্ত করা হয়েছে। এই মামলায় বিচারকাজ দ্রুত সম্পন্ন করা হবে। এ ছাড়া দোষীর যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ডেমরার একটি বাসায় খাটের নিচ থেকে নুশরাত ও দোলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানীকে গ্রেফতার করে পুলিশ।
৯ জানুয়ারি ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ফরিদ উদ্দিন বলেন, লিপস্টিক দিয়ে সাজিয়ে দেয়ার কথা বলে শিশু নুশরাত ও দোলাকে নিজেদের ঘরে ডেকে নেয় প্রতিবেশী গোলাম মোস্তফা ও তার ভাই আজিজুল বাওয়ানী।তারা দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে একপর্যায়ে শিশু দোলাকে গলা টিপে হত্যা করে। এরপর নুশরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শিশু দুটির লাশ খাটের নিচে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।




