সংরক্ষিত আসনে সংসদে যেতে চান নাসরীন সিদ্দিকা
টানা তৃতীয়বারের মতো বিপুল বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। গত ২ জানুয়ারি নতুন সংসদ সদস্যগণ শপথ নিয়েছেনে। তৃতীয়বারের মতো আবারো প্রধানমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন একঝাঁক নবীন সদস্য। যেটাকে চমক হিসেবে দেখছেন সাধারণ জনগণ। নবীনদের কর্মস্পৃহা ও প্রবীণদের অভিজ্ঞতার আলোকে নতুন মন্ত্রীসভার সদস্যদের কাছ থেকে নতুন নতুন কাজ উপহার পাবেন। এখন অপেক্ষা জাতীয় সংসদের ৫০ জন নারী সদস্য নির্বাচন।ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন রাজনীতিবিদ, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও নানা পেশার নারী সদস্যরা।
এর মধ্যে অনেকেই আগে থেকেই তাদের কর্ম তৎপরতার কারণে আলোচিত। এমনই একজন কক্সবাজারের এ্যাড. নাসরীন সিদ্দিকা লীনা। সুপ্রিম কোর্ট বারের সাবেক নির্বাচিত সদস্য ও আওয়ামী যুব আইনজীবী পরিষদের নেত্রী লীনা বেশ কিছু কারণেই আলাদা অবস্থান তৈরি করেছেন। ছাত্রজীবনে কক্সবাজার জেলা ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছেন। আওয়ামী লীগের প্রত্যেকটি কাজে সক্রিয় থেকে সাবলীলভাবে কাজ করা লীনা ইতিমধ্যে সংগ্রহ করেছেন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
লীনা পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। তার পিতা মুক্তিযোদ্ধা সৈয়দুল হক মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগ্রামী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছন। তার শ্বশুর নারায়নগঞ্জের আড়াইহাজার থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ কালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।নাসরিন সিদ্দিকি লীনার আলোচিত কিছু ঘটনার সাথে সরাসরি জড়িত। অতীতে তিনি পালাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রীট করেছেন। তাছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাসে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয় অন্তর্ভুক্তি চেয়ে রীট আবেদন, বঙ্গবন্ধু হত্যা মামলা, ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলা, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলাসহ বিভিন্ন মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী হিসেবে নিজের সম্পৃক্ততা বজায় রেখেছেন।
শুধু রাজনীতিতে নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই গুণী আইনজীবী। জঙ্গীবাদ দমনে সভা, সেমিনার আয়োজন সহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি পরিচালনা করেন। তাছাড়া গরীব দুঃখীদের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতায় নিজেকে নিয়োজিত করেছেন।




