কাদের বললেন ‘ফখরুল ভালো মানুষ’
রাজনৈতিক বক্তব্যে বিভিন্ন সময় একে অপরের প্রতি কঠিন ভাষা প্রয়োগ করলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখে কখনো নোংরা কথা শোনেননি বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বিএনপির নেতৃত্বে পরিবর্তন নিয়ে দলের নেতাদের বক্তব্যের পাশাপাশি ওবায়দুল কাদের গত সপ্তাহে বলেছিলেন, লজ্জা থাকলে নির্বাচনে পরাজয়ের জন্য মির্জা ফখরুল ইসলামের পদত্যাগ করা উচিত। ওই মন্তব্যের প্রসঙ্গ টেনে মঙ্গলবার বিআরটিসি কার্যালয়ে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করা হয়।
মির্জা ফখরুলকে বিএনপির মহাসচিব পদ থেকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে জানানো হলে কাদের বলেন, ওই দিন পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলাম। মহাসচিব পদে পরিবর্তন আসবে কি আসবে না এটা বিএনপির ব্যপার। এখানে আওয়ামী লীগের নাক গলানোর প্রয়োজন নেই। এটা আমরা পাল্টা রাজনৈতিক বক্তব্য ছিল। আমি ফখরুল সাহেবের পক্ষ নিলে ভেতরে ভেতরে তিনি পার্সোনালি ঝামেলায় পড়বেন।
কাদের বলেন, ফখরুল সাহেব সজ্জন মানুষ, তাছাড়া মানুষ হিসেবেও ভালো। তিনি আসলে দলের চাহিদা পূরণ করলেন কিনা সেটা দেখবে বিএনপি। তিনি দল করেন, তাই দলের পক্ষে অনেক কিছু বলছেন। তিনি তো আর বিএনপির আবাসিক প্রতিনিধির মত বক্তব্য রাখেন না। আমি মির্জা ফখরুল ইসলামের মুখে নোংরা কথা শুনিনি। সূত্র: বাংলাদেশ জার্নাল




