এবার সৌদি কারাগারে মুসলিম স্কলার হত্যার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক : গত অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাসোগজি হত্যার পর এবার দেশটির বিরুদ্ধে একজন ইসলামিক স্কলারকে হত্যার অভিযোগ উঠেছে। তিনি কারাগারে নির্যাতনের শিকার হয়েই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।গত রবিবার ৬৯ বছর বয়সী শেখ আহমেদ আল-আমারি সৌদির কারাগারে মারা যান। তিনি দীর্ঘদিন ইসলামের দ্বিতীয় মর্যাদাপূর্ণ মসজিদ মদিনার মসজিদে নববীতে ইমামতি করেছেন। কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশ ও নির্যাতনের কারণেই প্রখ্যাত এই ধর্মপ্রচারক মারা গেছেন বলে সৌদি মানবাধিকার কর্মীরা অভিযোগ করছেন।
মদিনা বিশ্ববিদ্যালয়ের কুরআন কলেজের সাবেক ডিন আমারিকে প্রায় ৫ মাস আগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিলো। তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে এবং তার মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষ দায়ী বলে সোমবার এক বিবৃতিতে অভিযোগ করেছে দেশটির ধর্মপ্রচারক ও স্কলারদের আটক ও নির্যাতনের বিষয়টি নিয়ে কর্মরত সামাজিক সংগঠন প্রিজনার্স অব কনসাইন্স।
গত আগস্টে আমারির সঙ্গে তার সহকারি ৬৮ বছর বয়সী সাফার আল-হাওয়ালিকেও আটক করা হয়েছিলো। তখন ইসরায়েলের সঙ্গে সৌদি রাজপরিবার ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্টতার প্রতিবাদে প্রায় ৩ হাজার বই প্রকাশ করার পর ইসলামিক স্কলারদের ওপর গ্রেফতার অভিযান চালানো হয়েছিলো। হাওয়ালি এখনো কারাবন্দি আছেন বলে সোমবার জানিয়েছে লন্ডন ভিত্তিক অধিকার সংগঠন এএলকিউএসটি। সূত্র : আল-জাজিরা




