শাকিব-বুবলির ‘টপ সিক্রেট’
বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের শুন্যতা বেশ ভালো ভাবেই পূরণ করছেন অভিনেত্রী শবনম বুবলি। একের পর এক ছবিতে সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বাজিমাত করছেন সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যাওয়া এই অভিনেত্রী। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে শাকিব-বুবলি জুটির পথচলা শুরু। এরপর একে একে শুটার, অহঙ্কার, চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া, সুপার হিরো ও ক্যাপ্টেন খানের মতো হিট ছবি উপহার দিয়েছেন। এবার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই জুটি। ছবির নাম ‘টপ সিক্রেট।’
জানা যায়, শুরুতে শাকিব-বুবলি জুটির এই ছবির নামকরণ করা হয়েছিল ‘টাইগার’। এরপর নাম বদলে ‘টপ সিক্রেট’ করা হয়। ছবিটি পরিচালনা করছেন প্রথিতযশা পরিচালক মালেক আফসারী। চলতি বছরের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।এদিকে ‘টপ সিক্রেট’ ছবির মাধ্যমে পাঁচ বছর পর মালেক আফসারীর ছবিতে কাজ করছেন শাকিব। সর্বশেষ আফসারির ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবিতে দেখা গিয়েছিল ‘নাম্বার ওয়ান’ খ্যাত শাকিবকে। নায়িকা ববির সঙ্গে জুটি গড়া শাকিবের এই ছবিটিও দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সফলতা লাভ করে। ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছাড়াও আফসারির ঠেকাও মাস্তান, হিরা চুনি পান্না ও মনের জ্বালা ছবিতে কাজ করেছিলেন শাকিব খান। অন্যদিকে ‘টপ সিক্রেট’ শাকিব-বুবলি জুটির ষষ্ঠ ছবি। তাঁদের সর্বশেষ ছবি ‘ক্যাপ্টেন খান’ মুক্তি পায় গত বছরের ঈদুল আযহায়।




