পুরনো গানে ঠোঁট মেলালেন বাপ্পী-অপু
বিনোদন ডেস্ক: ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’ এক সময়ের জনপ্রিয় গান। এ রকম একটি পুরনো গানে আবারো ঠোঁট মেলালেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে এ গানটি ব্যবহার হচ্ছে।সম্প্রতি নরসিংদীর মাধবধী হেরিটেজ রিসোর্ট-এ গানটির দৃশ্যায়ন হয়েছে। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব।এ বিষয়ে পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল এই গানটির রিমেক করব। সেই সুযোগ এসে গেল। আমার এই ছবির সঙ্গে গানটি যায়। আমার মনে হয় গানে বাপ্পী ও অপুর রসায়ন দর্শক পছন্দ করবেন।’
ছবির নায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘গানটি এতোবার শুনেছি হিসেব নেই। এটি আমার প্রিয় গানের মধ্যে একটি। গানটি এখনও মানুষের মুখে মুখে রয়েছে। গানের কথাগুলো হৃদয়ে গেঁথে আছে। আমার বিশ্বাস নতুন আয়োজনেও গানটি সবার ভালো লাগবে।’এ গানের শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। গানটি লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মতিন রহমান পরিচালিত ‘বিয়ের ফুল’ সিনেমায় এই গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন ছিলেন এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান ও শাবনূর।




