250115

আনলাকি ‘থার্টিনে’ অভাগা ক্রিকেটাররা!

আনলাকি থার্টিন নিয়ে প্রচলিত অনেক ধারণা, মতভেদ রয়েছে। তবে সর্বাধিক প্রচলিত ধারণা অনুসারে যিশুখ্রিষ্টকে ক্রুসে বিদ্ধের আগের রাতে একত্রে খাবার খেয়েছিলেন যিশুসহ ১২ জন শিষ্য। মোট ১৩ জন। ওই রাতের খাওয়াকেই বলা হয় দি লাস্ট সাফার এবং সেটাই ছিল যিশুর শেষ ভোজন। সেই থেকে ১৩ সংখ্যাটিকে অমঙ্গলজনক বলে গণ্য করা হয়।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ষষ্ঠ আসরেও সেই আনলাকি থার্টিনের প্রভাব পড়েছে। বিপিএলের একাধিক ব্যাটসম্যান আউট হয়েছেন আনলাকি থার্টিনে।

বিপিএলের চলমান ষষ্ঠ আসরে ইতিমধ্যে শেষ হয়েছে ১৮টি ম্যাচ। এই ১৮ ম্যাচে আনলাকি থার্টিনে ফেরেন চিটাগাং ভাইকিংসের ক্যামেরন ডেলপোর্ট ও নজিবুল্লাহ জাদরান। রাজশাহী কিংসের রায়ান টেন ডেসকাট ও কামরুল ইসলাম রাব্বি। ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান ও কায়রন পোলার্ডসহ আরও অনেক তারকা ক্রিকেটার।আনলাকি থার্টিনে আউট হওয়াদের মধ্যে অন্যতম, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। বিপিএলের তৃতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় পায় কুমিল্লা। দলের জয়ের ম্যাচে আনলাকি থার্টিনে ফেরেন ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার শোয়েব মালিক।

বিপিএলের পঞ্চম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ১৩ ওভারে ৮৭ রানে অলআউট খুলনা টাইটানস। দলের পরাজয়ের ম্যাচে ১৩ রানের বেশি করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তার আনলাকি থার্টিনের ম্যাচে ১০৫ রানের বিশাল ব্যবধানে হেরে যায় খুলনা।চলতি বিপিএলের নবম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলেও রংপুর রাইডার্স হেরে যায় মাত্র ২ রানে। দলের এই পরাজয়ের ম্যাচে আনলাকি ১৩ রানে ফেরেন রংপুরের ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল। বুধবার সিলেট সিক্সার্সের বিপক্ষে ফের ১৩ রানে ফেরেন বেনি হাওয়েল। এদিনও তার দল রংপুর সিলেটের করা ১৮৭ রানের টার্গেটে ব্যাট করে ২৭ রানে হেরে যায়।

বিপিএলের ষষ্ঠ আসরের ১৪তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ৪১ বলে করা ৬৫ রানে ভর করে ৪ উইকেটে জয় পায় চিটাগাং ভাইকিংস। দলের জয়ের ম্যাচে ক্যামেরন ডেলপোর্ট ও নজিবুল্লাহ জাদরান ফেরেন ১৩ রান করে।খুলনা টাইটানস ও রাজশাহী কিংসের মধ্যকার বিপিএলের ১৫তম ম্যাচে আনলাকি থার্টিনে আউট হন খুলনার ওপেনার জহুরল ইসলাম অমি, ডেভিড ওয়াইজ। একই ম্যাচে রাজশাহীর ক্রিকেটার রায়ান টেন ডেসকাট ও কামরুল ইসলাম রাব্বি ফেরেন আনলাকি থার্টিনে।

বুধবার রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ১৭তম ম্যাচে আনলাকি ১৩ রানে ফেরেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড। তাদের আনলাকি থার্টিনের ম্যাচে ২০ রানে হেরে যায় ঢাকা। অথচ তারা আগের চার খেলায় একটানা জয় পায়।

ad

পাঠকের মতামত