‘যত বড় জয়, তত বড় শঙ্কা’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘যত বড় জয়, তত বড় শঙ্কা আছে। বিপুল বিজয়ে আত্মতুষ্টি বা আত্মহারা হওয়ার কোনো কারণ নেই। ৭৫’র আগেও আমাদের অনেক বড় বিজয় এসেছিল। এ পরই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। এবারও বড় বিজয়ে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।’ এমনটাই বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ সভায় সংগঠনটির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে, কৃষক লীগ নেতা এম এ করিম, আলহাজ্জ আবু তৌহিদ প্রমুখ ব্যক্তিরা সভায় বক্তব্য রাখেন।দুঃসময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিলেন উল্লেখ প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে নাসিম বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন আমার ছোট ভাইয়ের মতো। তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল পারিবারিক। ওয়ান-ইলেভেনে সৈয়দ আরশাফ সাহসী ভূমিকা পালন করেছেন। ওই দুঃসময়ে সাহসী ভূমিকা পালন করে তিনি আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন।’
তিনি বলেন, ‘এদেশে আর কোনোদিনও সাম্প্রদায়িক শক্তি ও মৌলবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। গত ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রমাণ করেছে যে প্রতিবারই এদেশের সরকার হবে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার।’দলের নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘মৌলবাদী চক্রান্তকারীরা তাদের চক্রান্ত এখনও অব্যাহত রেখেছে। চক্রান্তকারীদের চক্রান্ত সম্পর্কে আমাদের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আমরা বঙ্গবন্ধু কন্যার সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। আমরা তাকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়ে রাখব।’




