248023

‘রাষ্ট্রবিরোধী গুজব’ ছড়ানোর অভিযোগে সারাদেশে আটক ৭

নিউজ ডেস্ক।।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য ও গুজব’ ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকাল ৪টা থেকে বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর উত্তরা, রাজশাহী, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া, কিশোরগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. রবিউল ইসলাম (৪২), মো. আখলাকুজ্জামান আনসারী (৪৩), তোফাজ্জল হোসেন হেলাল (৪০), তানভীর হাসান মোহন (২২), মো. ইউসুফ (৩০), আবু রায়হান আল বিরুনী পুসকিন (৪৩) এবং মো. আবুল কালাম (৩৪)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মিজানুর রহমান ভুঁইয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচার রোধের জন্য সাইবার ক্রাইম বিরোধী অপারেশনের মাধ্যমে র‌্যাব-১, র‌্যাব-৫, র‌্যাব-৭, র‌্যাব-৮, র‌্যাব-১১, র‌্যাব-১২ ও র‌্যাব-১৪ এর অভিযানে যথাক্রমে উত্তরা, রাজশাহী, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া ও কিশোরগঞ্জ থেকে তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী বানোয়াট-মিথ্যা তথ্য প্রচার, গুজব ছড়ানো, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, ডিজি র‌্যাব, ডিএমপি কমিশনারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃতকরণ ও প্রচারের অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে। এ পর্যন্ত র‌্যাব মোট ১৯২ জনকে সাইবার অপরাধের দায়ে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত