247827

‘রাজনীতি হচ্ছে জনগণের জন্য, আর জনগণের সেবা করাই হচ্ছে আমাদের মুখ্য দায়িত্ব’

নিউজ ডেস্ক।। পাঁচ বছর মন্ত্রী থাকার পরে এখন তিনি স্বচ্ছন্দে রিকশায় চলাচল করেন জানিয়ে রাজনীতিকদের ব্যবসা নয়, জনগণের সেবা করার দিকে মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানানো উপলক্ষে আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন দিলীপ বড়ুয়া। বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক এই শিল্পমন্ত্রী জানান, জনগণের সেবায় মনোযোগী মনোভাবের কারণেই পাঁচ বছর মন্ত্রী থাকার পরে এখন তিনি স্বচ্ছন্দে রিকশায় চলাচল করেন। তিনি বলেন, ‘যারা আপনারা রাজনীতি করতে চান, রাজনীতি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, ব্যবসা করার জন্য রাজনীতি করবেন না।’ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শিল্পমন্ত্রী ছিলেন দিলীপ বড়ুয়া। তিনি বলেন, ‘রাজনীতি হচ্ছে জনগণের খেদমত করা। আমরা জনগণের খেদমত করছি, পাঁচ বছর শিল্পমন্ত্রী ছিলাম, আজকে রিকশায় চড়তে কোনো দ্বিধা নেই। কেননা- রাজনীতি হচ্ছে জনগণের জন্য, আর জনগণের সেবা করাই হচ্ছে আমাদের মুখ্য দায়িত্ব।’

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরে বাংলা এ কে ফজলুল হকের কথা স্মরণ করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘অগ্নি মশাল জ্বালানোর’ আহ্বান করেন সাবেক এই মন্ত্রী। শেরে বাংলা এ কে ফজলুল হকের গড়া কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে শেরে বাংলা জাতীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ কে ফাইয়াজুল হক রাজু, কৃষক শ্রমিক পার্টির উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শাহ আলম, পার্টির কো চেয়ারম্যান ফরিদ হোসেন, ভাইস চেয়ারম্যান তিননা খুরশীদ জাহানসহ আরও অনেকে বক্তব্য দেন।

ad

পাঠকের মতামত