247613

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে

নিউজ ডেস্ক।। গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আলী আজম সরদার (৫০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের বিলের মধ্যে এ ঘটনা ঘটে। তিনি বাবরগাতী গ্রামের সিদ্দিক সরদারের ছেলে। সদর থানার এসআই মো. বকুল হোসেন বলেন, ওই গ্রামের মৃত আমজাদ আলী শেখের ছেলে মিকাইল শেখ ও নূর ইসলাম শেখ বিলের জমিতে বোনা ধানবীজ ইঁদুরের কবল থেকে রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পাতেন।

গতকাল ভোরে আলী আজম সরদার ওই ফাঁদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফাঁদের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ad

পাঠকের মতামত