খাগড়াছড়িতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ
নিউজ ডেস্ক।। খাগড়াছড়ি পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজির মাহমুদকে গুলি করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় পানছড়ির বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তার বাম হাতে শটগানের গুলি লাগে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই বিষয়ে কিছুই জানা যায়নি। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাজারের ওত পেতে থাকা সন্ত্রাসীরা পাহাড়ের ওপর থেকে ইউপি চেয়ারম্যান নাজির মাহমুদকে গুলি করে দুর্বৃত্তরা। পরে আহতবস্থায় পানছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া জানান, একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সদর ইউপি চেয়ারম্যান নাজির মাহমুদসহ আমাকে হুমকি দিয়ে আসছিল। সুযোগ পেয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা করেছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে হুমকির কারণে আমাদের সাধারণ চলাচলও বন্ধ রয়েছে। সন্ত্রাসীদের হুমকির কারণে আমরা জেলা শহরের যাতায়াত করতে পারছি না। পানছড়ি থানার ওসি নুরুল আলম জানান, গুলিবিদ্ধ চেয়ারম্যান আশঙ্কামুক্ত রয়েছে। তবে কারা এই হামলা করেছে, তা জানা যায়নি।




