শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা আসেননি
নিউজ ডেস্ক।। একাদশ সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে ৪৭ সদস্য। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার দুপুর থেকেই বঙ্গভবনে ঢোকার জন্য ভিড় জমেছিল। প্রায় হাজার খানেক অতিথি আমন্ত্রণ পেয়েছিলেন। তাদের মধ্যে আওয়ামী লীগ এবং তাদের সমর্থক বিভিন্ন পেশাজীবী এবং অঙ্গসংগঠনের নেতাদের সংখ্যাই বেশি। আর ছিলেন সামরিক-বেসামরিক আমলা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা।
আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা এবার মন্ত্রিসভায় ডাক পাননি, তাদের অনেককেই দেখা গেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাদের অনেকেই ছিলেন বেশ গুরুগম্ভীর।তবে অনেকে আবার আসেনি। নতুন সংসদে যিনি বিরোধীদলীয় নেতা হতে চলেছেন, সেই সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদকে অনুষ্ঠান দেখা যায়নি। বলা হচ্ছে তিনি অসুস্থ। তার স্ত্রী রওশন এরশাদও গরহাজির ছিলেন। চোখে পড়েনি জাতীয় পার্টির কোনো প্রথম সারির নেতাকে। দেখা যায়নি বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের কোনো নেতাকেও। এছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেখা যায়নি অনুষ্ঠানে।
নবীন মন্ত্রীদের অনেকে সামনের কাতারে বসে থাকা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সঙ্গে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের আশীর্বাদ চান। মন্ত্রিসভায় কেন মহাজোটের কোনো শরিক দল থেকে কাউকে নেয়া হয়নি, সে প্রশ্ন উঠছিল রোববার তালিকা প্রকাশের পর থেকেই। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ইঙ্গিত দিলেন, মন্ত্রিসভায় তাদের অন্তর্ভুক্তির সম্ভাবনা এখনো আছে।




