247124

মন্ত্রিসভায় ৪ নারী

নিউজ ডেস্ক।। আওয়ামী সরকারের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন নারী সদস্য স্থান পেয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভার এসব সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিসভায় স্থান পাওয়া নারীরা হলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার। প্রধানমন্ত্রী বাদে যার মধ্যে রয়েছেন একজন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণমন্ত্রী রয়েছেন শুধু ডা. দীপু মনি। ২০০৮ সালে মন্ত্রিপরিষদের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ডা. দীপু মনি এবার পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম নাহিদ। আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বেগম মন্নুজান সুফিয়ান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে বেগম হাবিবুন নাহারের নাম ঘোষণা করা হয়েছে।

বিদায়ী মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণমন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমত আরা সাদেক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বেগম মেহের আফরোজ চুমকি ও তথ্য মন্ত্রণালয়ে তারানা হালিম। আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত