সিলেট সিক্সার্সের সাবেক অধিনায়ক নাসির হোসেন কোথায়?
স্পোর্টস ডেস্ক।। ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাহিরে বাংলাদেশ দলের অলরাউন্ডার নাসির হোসেন। চলমান বিপিএল দিয়ে সিলেট সিক্সার্সের হয়ে ফেরার আভাস দিয়েছিলেন। বিপিএল মওসুম শুরু আগে বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরাতে দেখা গিয়েছিল। কিন্তু বিপিএলের চলতি মওসুমের সিলেটের প্রথম ম্যাচেই দেখা গেছে ভিন্ন চিত্র! আজ রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করে সিলেট সিক্সার্স। কিন্তু নাসির হোসেন দলটির একাদশেও নেই, নেই সিলেটের পক্ষ থেকে সরবরাহ করা ১৫ জনের প্লেয়ার্স লিস্টেও।
অথচ ২০১৭-১৮ মওসুমে নাসির ছিলেন সিলেটের অধিনায়ক। আর এই মওসুমে ১৫ জনের তালিকায়ও নেই নাসিরের নাম! তার নেতৃত্বেই গত মওসুমে টানা চার ম্যাচ জিতে তাক লাগিয়ে দিয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সাত দলের মধ্যে পঞ্চম হয়ে গত মওসুম শেষ করে সিলেট। এবার সিলেটের নেতৃত্বে আছেন সাবেক অস্ট্রেলীয় সহ-অধিনায়ক ডেবিড ওয়ার্নার। নাসিরের দলে না থাকা প্রসঙ্গে সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজারকে অনেকবার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সিলেট স্কোয়াড : লিটন, ওয়ার্নার, তৌহিদ হৃদয়, আফিফ, সাব্বির, পুরান, অলক কাপালি, আল-আমিন, তাসকিন, ইরফান, লামিচান, সোহেল তানভীর, যাকের আলী, মেহেদী হাসান, আন্দ্রে ফ্লেচার।




