কিশোরগঞ্জ থেকে মন্ত্রীসভায় আসতে পারেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগের নতুন মন্ত্রীসভায় কিশোরগঞ্জ থেকে কারা আসছেন সেদিকেই দৃষ্টি কিশোরগঞ্জ বাসীর। এবারের মন্ত্রীসভার সদস্য সংখ্যা বাড়তে পারে, আসতে পারে নতুন মুখও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার নির্বাচিত ৬ জন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন আওয়ামী লীগের এবং একজন মহাজোটের শরিক জাতীয় পার্টির। এর মধ্যে থেকে কয়জন মন্ত্রীসভায় স্থান করে নেবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।কিশোরগঞ্জের ৬ জন সংসদ সদস্যের মধ্যে দু‘জনের মন্ত্রিত্বের অভিজ্ঞতা রয়েছে। তারা হলেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এই দুইজনের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি এলজিআরডি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে নতুন মন্ত্রীসভায়ও তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে কিশোরগঞ্জবাসী প্রত্যাশা করছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো. মুজিবুল হক চুন্নু। এর আগেও এরশাদ সরকারের সময়ে তিনি দু’বার সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করেছেন। সে সময়ে তিনি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনও করেছেন। এছাড়া ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি মহাজোট সরকারের মন্ত্রীসভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মেয়াদে মুজিবুল হক চুন্নু শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পার্টিকে এবারও মন্ত্রীসভায় রাখা হলে তিনি আবারো মন্ত্রীসভায় আসবেন, এমন প্রত্যাশা জেলাবাসীর।
কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি মো. নাজমুল হাসান পাপন। নতুন মন্ত্রীসভায় হাসান পাপন ঠাঁই পাবেন, এমন আলোচনা চলছে জেলা জুড়ে।কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে জেলার মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। মন্ত্রীসভায় তাকে দেখতে উন্মুখ হয়ে রয়েছেন হাওরে তার নির্বাচনী এলাকাসহ জেলার সাধারণ মানুষ।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ। তিনি মন্ত্রীপরিষদে ঠাঁই পাচ্ছেনই এমন আলোচনা চলছে জেলাজুড়েই।কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন প্রথমবারের মতো মন্ত্রীপরিষদে অন্তর্ভুক্ত হচ্ছেন বলে এলাকায় আলোচনা চলছে।




