বিপিএলের জন্য বিগব্যাশকে লামিচানের ‘না’
স্পোর্টস ডেস্ক: সরাসরি চুক্তির মাধ্যমে নেপালের তরুণ লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানেকে দলভুক্ত করেছিল বিপিএলের দল সিলেট সিক্সার্স। কিন্তু একই সময়ে চলমান কেএফসি বিগ ব্যাশ লিগেও লামিচানে নাম লিখিয়েছিলেন। তাই সন্দ্বীপকে বিপিএলে পাওয়া যাবে কি না এ নিয়ে দ্বিধা ছিলই। তবে বিগ ব্যাশ নয়, খেলার জন্য সন্দ্বীপ বেছে নিয়েছেন বিপিএলকেই। তাই নিশ্চিতভাবেই সিলেট সিক্সার্সের জার্সি গায়ে বিপিএলে খেলা হচ্ছে তার।বর্তমানে বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছেন সন্দ্বীপ। বিস্ময় জাগানিয়া এই লেগ স্পিনার মঙ্গলবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচটি খেলেই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেবেন।
সন্দ্বীপ জানিয়েছেন, বিগ ব্যাশে যোগ দেওয়ার আগেই সিলেট সিক্সার্সের সাথে চুক্তি হয়ে যাওয়ায় বিগ ব্যাশ রেখে বিপিএলেই খেলবেন তিনি। চলমান বিগ ব্যাশের পর্দা নামার আগে বিপিএল শেষ হয়ে যাবে। তাই সন্দ্বীপ চাইলে আবারও ফিরতে পারবেন বিগ ব্যাশে। যদিও সেক্ষেত্রে তার দল মেলবোর্ন স্টার্সকে নিশ্চিত করতে হতে পারে আসরের প্লে-অফ।সন্দ্বীপের বদলি হিসেবে মেলবোর্ন স্টার্স দলে ডেকেছে ইংলিশ পেসার লিয়াম প্ল্যাঙ্কেটকে। যদিও সন্দ্বীপের অভাব এতে ঘুচবে কি না সেই প্রশ্ন থাকছেই। ১৮ বছর বয়সী এই ক্রিকেটার ৩ ম্যাচে খেলে ইতোমধ্যে তুলে নিয়েছেন ৭ উইকেট।প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। এবারের আসরকে সামনে রেখে বেশ শক্তিশালী দল গড়েছে সন্দ্বীপ লামিচানের দল সিলেট সিক্সার্স।
সিলেট সিক্সার্স স্কোয়াড-নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দ্বীপ লামিচানে, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকের আলী, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, মেহেদী হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, মোহাম্মদ নাওয়াজ, ইমরান তাহির।




