দোটানায় এরশাদ!
নিউজ ডেস্ক।। ৩০ ডিসেম্বরের ভোটের ফলাফলের পর জনমনে একটা স্থির ধারণা জন্মেছে যে, এবারও হয়তো এরশাদের জাতীয় পার্টিকেই (জাপা) বিরোধী দল করে সরকার গঠন করতে যাচ্ছে মহাজোট। কিন্তু জাপা কি এবারও বিরোধী দলে যাবে? ভোটের ফলাফলে এখন পর্যন্ত মহাজোটের অন্যতম শরিক হিসেবে ২২ টি আসনে বিজয়ী হয়ে নৌকার পরেই লাঙ্গলের অবস্থান। যেহেতু বিএনপি জোট মাত্র ৮টি আসনে জয় পেয়েছে তাই তাদের সামনে প্রধান বিরোধী দল হওয়ার তেমন সুযোগ নেই। জাপার বিরোধী দলে যাওয়ার না যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে সোমবার বনানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ।
একাদশ সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির অবস্থান কী হবে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাঙ্গাঁ বলেন, ‘আমরা মহাজোটের সঙ্গে আছি। মহাজোটের সঙ্গে থাকবো। আমরা প্রধান বিরোধী দলে যাবো কি না, এ বিষয়ে দু-একদিন পরে সিদ্ধান্ত হবে। তার আগে আমরা মহাজোটের সঙ্গে আলোচনা করবো।’ নির্বাচনে ২২টি আসনে জিতে দ্বিতীয় স্থানে রয়েছে এইচ এম এরশাদের দল জাতীয় পার্টি। আওয়ামী লীগ এককভাবে ২৫৯টি আসনে জিতেছে, তাদের জোটসঙ্গী অন্য দলগুলো পেয়েছে ৮টি আসন। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন।
বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদে প্রধান বিরোধী দল হয়েছিল জাতীয় পার্টি। তবে সেই সংসদে কার্যকর বিরোধী দল ছিল না বলে জাপা নেতারাও মনে করে। এদিকে গেল নির্বাচনের মতো এবারও ভোটের আগে অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় সিঙ্গাপুরে কাটিয়ে আসেন এরশাদ। পার্টি চেয়ারম্যান এবার রংপুরে নিজের আসনে আবারও বিজয়ী হয়েছেন। এরশাদের শারীরিক অবস্থা জানতে চাইলে রাঙ্গাঁ সাংবাদিকদের বলেন, ‘এখন অনেকটাই স্বাভাবিক। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরবেন।’
৩০ ডিসেম্বরের ভোটকে ‘ভয়ানক প্রহসন’ আখ্যা দিয়ে নির্বাচন বর্জন করে পুনরায় ভোটের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট নেতৃত্বাধীন বিএনপি। ভোটের সার্বিক দিক নিয়ে এরশাদের মূল্যায়ন জানতে চাইলে রাঙ্গাঁ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন হয়ে গেছে। জনগণ ভোট দিয়ে মহাজোটকে আবারও বিজয়ী করেছে। জাতীয় স্বার্থে সবাইকে জনগণের এই রায় মেনে নেয়া উচিৎ। এখানে বিদ্রোহ করার কোনও সুযোগ নেই। আমাদের পার্টি চেয়ারম্যান (এরশাদ) ভোটের ফলাফল মেনে নিয়েছেন।’ উৎস: বিডি-জার্নাল।




