এ রকম নির্বাচন বাংলাদেশে কখনই হয়নি: কাদের সিদ্দিকী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের শরিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এ রকম নির্বাচন বাংলাদেশে কখনই হয়নি। রোববার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ যতোদিন চুরি করতে পারবে ততদিন ক্ষমতায় যেতে পারবে। কিন্তু মানুষের আস্থা নিয়ে নির্বাচনে জেতার তাদের কোনো সম্ভবনা নেই।তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। জনগণকে যে তারা বিশ্বাস করে না, জনগণের প্রতি তাদের আস্থা নেই, এটা তারা দিবালোকের মতো প্রমাণ করে দিয়েছে। এবারের নির্বাচনে যে মানুষের আস্থা ছিলো সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানুষের অন্তরে আওয়ামী লীগের আর কোনো জায়গা নেই।
কাদের সিদ্দিকী আরো বলেন, এ রকম নির্বাচন বাংলাদেশে কখনই হয়নি। মানুষের নির্বাচনের প্রতি যতটা আস্থা ছিল তা নষ্ট হয়ে গেছে। সারা বাংলাদেশে যেভাবে শুনেছি ও সখীপুর-বাসাইলের নির্বাচন আমি নিজ চোখে দেখলাম এটাকে কোনো নির্বাচন বলে না।সংবাদ সম্মেলনে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।




