244456

শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে : রওশন এরশাদ

ডেস্ক রিপোর্ট।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ শহরের রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে।’
মহাজোট আবার ক্ষমতায় আসবে বলে এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে বিএনপির প্রার্থী আবু ওহাব আকন্দ অভিযোগ করেছিলেন, আকুয়াসহ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আবার সেখানে জাল ভোট দেওয়া হচ্ছে।  এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদ বলেন, ‘কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। বিএনপির প্রার্থী অভিযোগ করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবেন আসলে কী ঘটনা সেখানে ঘটেছে।’

প্রসঙ্গত, রওশন এরশাদ ময়মনসিংহ সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ- ৪ আসনের মহাজোটের প্রার্থী। তিনি এখানে লাঙল প্রতীক নিয়ে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু ওহাব আকন্দ।

ad

পাঠকের মতামত