লক্ষ্মীপুর-৩ : আবার ভোট চান এ্যানি
নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি নেতা ও ঐক্যফ্রন্ট প্রার্থীর এজেন্টদের বের করে কেন্দ্র দখল, জালভোট ও রাতে বেশির ভাগ কেন্দ্রের ভোট কেটে নেওয়াসহ নানা অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ রোববার সকাল ৮টায় ভোট শুরুর ঘণ্টাখানেক পর নিজ বাসভবনে এ দাবি করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী বলেন, গতকাল শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ প্রার্থী এ কে এম শাহজাহান কামালের লোকজন বেশির ভাগ কেন্দ্রে অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের জিম্মি করে। পরে তারা ব্যালট পেপার নিয়ে নৌকা প্রতীকে সিল মেরেছে।
এ্যানি অভিযোগ করেন, আজ সকালে ভোট শুরুর আগে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আর যারা কেন্দ্রে ঢুকেছিল তাদের মারধর করে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে।শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই অনতিবিলম্ভে এই ভোট বাতিল করে পুনঃনির্বাচন করতে হবে।
লক্ষ্মীপুর-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী শাহাদাত হোসেন সেলিম একই অভিযোগ করছেন। এদিকে লক্ষ্মীপুরের চারটি আসনের ভোট কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম।
অপরদিকে লক্ষ্মীপুর-২ আসনের মকরধ্বজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়ে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা নূর মোহাম্মদ মজুমদার।




