আজকের পর বিএনপি-জামায়াতের আর উপায় নেই: জয়
দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আজকের পর বিএনপি-জামায়াতের আর কোনও উপায় নেই। আজদের পর দেশে আর কোনও হত্যাকাণ্ড হবে না। আজকের পর বিএনপি-জামায়াতকে সেই সুযোগ আর দেয়া হবে না।’রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।প্রধানমন্ত্রীপুত্র বলেন, ‘প্রত্যাশা করছি, উন্নয়নের স্বাথে বাংলার মানুষ আবারও নৌকায় ভোট দেবে।’
এসময় বিএনপি-জামায়াত ভোট বিতর্কের ষড়যন্ত্র করছে অভিযোগ করে জয় বলেন, ‘গত কয়েক মাস ধরেই এই বিএনপি-জামায়াত, যুদ্ধাপরাধীরা মিলে নির্বাচনকে বিতর্কিত করার জন্য উঠেপড়ে লেগেছে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে তারা বিদেশেও লবিং করেছে।’ভোটে বিএনপি-জামায়াতের সহিংসতার কথা তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সবাই জানে, জনগণ বিএনপি-জামায়াতকে ভোট দেবে না। এবারও তাদের বিজয়ী হওয়ারও কোনও উপায় নেই। এটি বুঝতে পেরেই বিএনপি-জামায়াত আওয়ামী লীগের লোকদের হত্যা করে লম্বা লিস্ট দিচ্ছে।’এ বিষয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত সারা দেশে সন্ত্রাস করছে। আর পুলিশ তাদের গ্রেফতার করলেই তারা বলছে, তাদের হয়রানি করা হচ্ছে। তারা মানুষকে পুড়িয়ে পেট্রোল বোমা মেরে হত্যা করবে, দেশে সন্ত্রাস-নৈরাজ্য করবে আর তাদেরকে কেউ কিছু বলবে না, তাদের গ্রেফতার করবে না!’
আজকের পর আর এই দেশে কোনও হত্যাকাণ্ড হবে না বলেও আশা প্রকাশ করেন জয়।এসময় তিনি দেশের জনগণকে ‘যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের’ বর্জন করার আহ্বান জানান।সজীব ওয়াজেদ বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। তবে ভোটারদের প্রতি আমার অনুরোধ- আপনারা আর যাই করেন- অন্তত যুদ্ধাপরাধীদের নিয়ে যারা রাজনীতি করে তাদের ভোট দেবেন না।’এসময় তরুণ সমাজ ও নতুন ভোটারদের প্রতিও এ আহ্বান জানান জয়।




