গতকাল পর্যন্ত যত নিহত হয়েছে সব আমাদের লোক : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গতকাল পর্যন্ত ইলেকশন রিলেটেড যত নিহত হয়েছে সব আমাদের লোক। সবাই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরকম কোনো খবর পাওয়া যায়নি যে, অপোজিশনের কেউ নিহত হয়েছে। ভোট দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, বিজয়ের মাসে নৌকার পক্ষে গণজোয়ার দেখে সাম্প্রদায়িক অপশক্তি তাদের মরণ কামড় দিচ্ছে এবং আবারো তাদের পরাজয় হবে সেটা তারা মেনে নিতে পারছে না, তাই তারা তাদের এ অপচেষ্টা চালাচ্ছে। সহিংসতার আশঙ্কা ছিলো এবং আজকেও যে তারা সহিংসতা করবে না তা নয়।
কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সক্রিয় থাকবে যাতে অশুভ শক্তি চক্রান্ত করতে না পারে। যাতে কোন অশুভশক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করতে না পারে।তিনি আরো বলেন, আমরাও রাজনৈতিকভাবে সক্রিয় ও সজাগ আছি। আমার এলাকায় জনগণ যে রায় দেবে, জনগণের সে রায় আমি মেনে নেবো বললেন কাদের।




