243957

নিজ এলাকায় ‘অবরুদ্ধ’ ঐক্যফ্রন্টের ৫ প্রার্থী

কিশোরগঞ্জের ছয়টি আসনের পাঁচটিতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জেএসডির ড. সাইফুল ইসলাম ছাড়া বাকি সবাই নিজ এলাকায় বের হতে পারছেন না।ঐক্যফ্রন্ট প্রার্থীদের অভিযোগ রয়েছে, নির্বাচনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে গতকাল শুক্রবার ৪৪ জনসহ এ পর্যন্ত ১০৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার ছয়টি আসনে বড় দুই দল শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে চাইলেও পুলিশের কারণে তা পারছেন না বলে প্রার্থীরা অভিযোগ করেন।

জেলার কোথাও গত ২০ দিনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো ধরনের গোলযোগ সৃষ্টি না হলেও বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর মারমুখী আচরণ এবং হামলা-মামলা এবং গ্রেপ্তারে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে।কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের ঐক্যজোটের প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু আমাদের সময়কে বলেন, ‘যেন আওয়ামী লীগ নয়, পুলিশই আমাদের প্রতিদ্বন্দ্বী। প্রচারণার শেষ সময়ে এসে বৃহস্পতিবার রাতে আমার সন্তানের বয়সী পুলিশ সদস্যরা বিনা উস্কানিতে আমার পরিধেয় পাঞ্জাবি ছিঁড়ে আমার নেতাকর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের সামনে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হিসেবে এ ঘটনায় আমি বিস্মিত।’

একই অভিযোগ করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইল-অষ্টগ্রাম) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার ইটনা উপজেলার ৪৯টির মধ্যে ৪৫টি কেন্দ্রে এজেন্ট নিয়োগের তালিকা থানায় জমা দেওয়ার পর পুলিশ এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।’ তাকেও এলাকা ছেড়ে চলে যেতে পুলিশ সময় বেধে দিয়েছে বলে অভিযোগ করেন ফজলুর রহমান।কিশোরগঞ্জ-৫ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বেশকিছু দলীয় নেতাকর্মী নিয়ে নিজবাড়িতে অবরুদ্ধ হয়ে আছি। আমাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার শর্ত দিয়েছে। অন্যথায় বাড়ি থেকে নির্বাচন পর্যন্ত বের না হওয়ার নির্দেশনা দিয়েছে।’

কিশোরগঞ্জ-৬ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে এলাকা ছাড়তে শুক্রবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশ দিয়েছে। তিনি জানান, বর্তমানে ‘আমি গৃহবন্দী অবস্থায় আছি।’ সূত্র: দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত