যে কেন্দ্রে ভোট দেবেন এরশাদ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভোট দেবেন রংপুরে। আজ শুক্রবার এরশাদের ডিপুটি প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী আমাদের সময়কে এ তথ্য জানিয়েছেন। খন্দকার দেলোয়ার জালালী জানান, এরশাদ রংপুর শহরের সেনপাড়া তোজাম্মেল হক মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। এরশাদ রংপুরের ভোটার। ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সেখানে ভোট দিয়েছেন।আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন এসব আসনের প্রায় ১০ কোটি ৪২ লাখ ভোটার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হবে।বিএনপি মনোনীত প্রার্থী টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোট আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। এই আসনে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি।




