প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, আমাকে সেবা করার সুযোগ দিন: মাশরাফি
বৃহস্পতিবার শ্বশুর বাড়িতে শীতের পিঠা খেলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক সুমি। এর আগে সকালে লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে মাশরাফি পথসভা করেন। দুপুরে শ্বশুর বাড়ির পাশে দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য দেন মাশরাফি ও সুমি।এ সময় সুমি বলেন, ‘এখানে আমার দাদা-বাবার বাড়ি। আপনারা মাশরাফিকে ভালোভাবে চেনেন। সে আপনাদের জামাই। আমি তার জন্য আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট চাই। আপনাদের জমাইকে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করবেন।’
মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আপনাদের মেয়ে বলে দিয়েছে, আপনাদের কী করতে হবে। আপনারা এবং আমরা এক সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটি সুখী-সমৃদ্ধ নড়াইল গড়ে তুলব। জেলা থেকে ইউনিয়নের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগবে। গত দশ বছরে সারা দেশে যে উন্নয়ন হয়েছে তার ধারা অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।’নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথসভা করেন মাশরাফি ও তার স্ত্রী সুমি।
প্রসঙ্গত, নির্বাচন উপলক্ষে গত ২২ ডিসেম্বর নড়াইলে আসেন মাশরাফি ও তার স্ত্রী সুমি। আসার পথে পথসভা করতে করতে নড়াইলে পৌঁছান মাশরাফি। এর পরদিন ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পথসভা করেন মাশরাফি। এছাড়া তার স্ত্রী সুমি নির্বাচনী এলাকায় প্রায় ৪০টি উঠান বৈঠক ও মহিলা সমাবেশে বক্তব্য দেন। এসব পথসভা ও সমাবেশে হাজার হাজার আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা, মাশরাফি বিন মর্তুজার ভক্ত, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




