242638

বিকেলে ভিডিও কনফারেন্সে ৩ জেলার জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার তিনটি জেলায় নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।এর আগে গত ২০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দেন। এ ছাড়া তিনি গত ১৯ ডিসেম্বর এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন।

গত ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ হাসিনা।নির্বাচনী সফরে দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর সিলেট সফর করেন এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় বক্তৃতা করেন। সেখানে তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহ পরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন।নির্বাচনী সফরের তৃতীয় পর্বে আওয়ামী লীগ সভাপতি ২৩ ডিসেম্বর রংপুর ও দিনাজপুর সফর করেন এবং এ দুই উত্তরাঞ্চলীয় জেলায় বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ২১ ও ২৪ ডিসেম্বর রাজধানীর যথাক্রমে গুলশান ও কামরাঙ্গীর চরে দুটি নির্বাচনী জনসভায়ও বক্তৃতা করেন।

ad

পাঠকের মতামত