242442

নির্বাচন বর্জন প্রশ্নে সুব্রত চৌধুরীর ‘না’

নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন জাতীয় ফ্রন্টের নেতারা।মঙ্গলবার(২৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডঃ আবদুল মঈন খান, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

বৈঠকে যোগদানের আগে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম সেনাবাহিনী মাঠে নামার পর একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। অত্যন্ত দুঃখের বিষয় সেই সুযোগটা নেই। মনে হচ্ছে আরও বেশি তারা আমাদের উপর আক্রমণাত্মক হয়ে গেছে। পুরো পরিবেশটা মাঠে থাকার মত নেই। আমার কাছে মনে হচ্ছে একটা মহা সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।’সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা বারবার বলছি, শত প্রতিকূলতার মধ্যে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। কারণ জনগণের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এতে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। নাগরিকরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা ও তাদের বাহিনী মিলে অবৈধ পন্থাগুলো তারা গ্রহণ করেছে।’

মঙ্গলবার বিকেল চারটায় সিদ্দিকবাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকালে হামলার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘‘শ’পাঁচেক নেতাকর্মীরা নিয়ে প্রচারণার সময় হঠাৎ করে পেছন থেকে পুলিশ আমাদের ওপর আক্রমণ করে। এ অবস্থায় আমি পায়ে আঘাত পেয়ে একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেই। আমাদের প্রায় ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছে। আমার সহযোগী অ্যাডভোকেট রাসেলসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।’তিনি আরও বলেন, ‘তারা সরাসরি পেছন দিক থেকে একবার আক্রমণ করলো, সামনের দিক থেকে আবার আক্রমণ করলো। এই যদি হয় অবস্থা, বিরোধী দলের নেতা-কর্মীদের মাঠে নামতে দেবে না। তাদের গ্রেফতার করবে, এলাকায় কাউকে থাকতে দেবে না, মারপিট করে তারা চাচ্ছে একতরফা নির্বাচন করতে।

তাদের আগে থেকে যে নীলনকশা ছিল, আমরা নির্বাচনে যাওয়ার পর থেকে সরকার হতাশ হয়ে গেছে। আমরা কেন নির্বাচনে আসছি।’এই পরিস্থিতিতে নির্বাচন বর্জন করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘না আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবো, শেষ পর্যন্ত মাঠে থাকবো।’এদিকে গুলশানের অপর একটি সূত্র জানিয়েছে, আগামীকাল সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণায় বগুড়ার উদ্দেশ্যে রওনা করবেন। সেখান থেকে ঠাকুরগাঁও হয়ে তিনি ঢাকায় ফিরবেন। সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবারের বৈঠকে অপর নেতারা আলোচনা করবেন বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত