আব্বাসের প্রচারণায় হামলার ঘটনায় সেই ওসি প্রত্যাহার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রচারণায় হামলার ঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলামকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে রমনা মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জানে আলম মুনশীকে নিয়োগ দেয়া হয়েছে।সোমবার ডিএমপি সদর দফতরের এক অফিস আদেশে নতুন এই ওসিকে দায়িত্ব দেওয়া হয়।জানে আলম মুনশী কোতয়ালী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, কাজী মাইনুল ইসলামকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মওদুল হাওলাদারকে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মো. নিরু মিয়াকে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।এর আগে মির্জা আব্বাসের প্রচারণায় হামলার ঘটনায় গত ১৯ ডিসেম্বর রমনার ওসি কাজী মাইনুল ইসলামকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।




