সেনাবাহিনীর উদ্দেশে মান্না, ওরা ঠিক থাকবে তো?
সেনাবাহিনী নিরপেক্ষ থাকলে সরকারি দলের খবর থাকবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক এ সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সেনাবাহিনী মাঠে নেমেছে। মানুষ জিজ্ঞাসা করে, সবাই তো সরকারের দালালি করে- ওরা ঠিক থাকবে তো? আমরা আহ্বান জানাই, ড. কামালও আহ্বান জানিয়েছেন। আমাদের শেষ আশ্রয়ের জায়গায়, সেনাবাহিনী যেন নিরপেক্ষ থাকে। আমরা চাই, যে সামরিক বাহিনী দেশের মুক্তির জন্য লড়াই করেছে। সুতরাং তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে সরকারি দলের খবর থাকবে না।’
তিনি বলেন, ‘আজকে আমাদের এই লড়াইয়ে জিততে হবে। আজকে আমাদের পরাজিত হওয়ার সুযোগ নেই। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এই লড়াইয়ে আমরা জিতবো। যদি আমরা সবাই দৃঢ় থাকতে পারি।’বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে সদস্য সচিব এজেডএম জাহিদ হোসেনের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম আব্দুল্লাহ, কাদের গনি চৌধুরীসহ প্রমুখ বক্তব্য রাখেন।পেশাজীবী নেতাদের মধ্যে শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, সদরুল আমিন, এবিএম ওবায়দুল ইমলাম, আখতার হোসেন, চিকিৎসক নেতা একেএম আজিজুল হকসহ প্রমুখ বক্তব্য রাখেন।




