241201

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভেঙে পড়লো সমাবেশের মঞ্চ : এমপি, উপজেলা চেয়ারম্যানসহ আহত ১০

নিউজ ডেস্ক।। চট্টগ্রাম প্রতিনিধি : নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়োজিত আওয়ামী লীগের কর্মী সমাবেশের মঞ্চ ভেঙে এমপি, উপজেলা চেয়ারম্যানসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার ফৌজদারহাট কে.এম হাই স্কুলে এ ঘটনা ঘটে। মঞ্চে নেতাকর্মীদের উপছে পড়া ভিড়ের কারণে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। শুক্রবার সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন আ. লীগের উদ্যোগে স্থানীয় কে. এম হাইস্কুল মাঠে নৌকার প্রচারণায় এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আল মামুন। বিকাল সাড়ে ৩টায় এ সমাবেশ শুরু হয়।

সলিমপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক ফজলে করিম নিউটনের সঞ্চালনায় ও সভাপতি মো. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান চলছিল। বিকাল প্রায় ৫টার দিকে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ম ম দিলশাদ যখন বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন ঠিক তখনই মঞ্চটি ভেঙে পড়ে যায়। এতে কমবেশি আহত হন প্রধান অতিথি এমপি দিদারুল আলম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস.এম আল মামুন, দিলশাদসহ অন্তত ১০ জন। পরে এমপি ও উপজেলা চেয়ারম্যান স্কুলের শহীদ মিনারে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

ad

পাঠকের মতামত