জয় বাংলা, জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ইনাম
বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী গত বুধবার আওয়ামী লীগে যোগদান করলেও সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন গতকাল। এ সময় প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক এ চেয়ারম্যান জানান, আওয়ামী লীগে যোগ দেওয়া তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তের একটি। ব্যক্তিগত কোনো লাভের আশায় নয়, মুক্তিযুদ্ধের আদর্শ বুকে লালন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে থাকতেই তার এ যোগ দেওয়া বলেও জানান তিনি।গতকাল বিকালে নগরীর ধোপাদিঘির পারের হাফিজ কমপ্লেক্সে পেশাজীবী নেতাদের সঙ্গে সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. একে আবদুল মোমেনের মতবিনিময়সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘অনেক চিন্তাভাবনার পর যখন গত বুধবার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি জানানো হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে আমাকে গণভবনে ডেকে নেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাকে দেড় ঘণ্টা সময় দিয়েছেন এবং সিলেটসহ সারাদেশের উন্নয়ন নিয়ে কথা বলেন। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানা বলেছেন-‘ইনাম ভাই, আপনি দেরি করে ফেলেছেন।’ তখন আমি বলেছি-‘এটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’ইনাম আহমেদ চৌধুরী তার বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট চান। বক্তব্য শেষে তিনি বলেন, ‘জয় বাংলা, জয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
নৌকার প্রার্থী ড. একে আবদুল মোমেন বলেন, ‘ইনাম আহমেদ চৌধুরী আমার বড়ভাই। তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে যখন আমাদের বাসায় আমার বড়ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, আমি তখনো তাকে বলেছি-ইনাম ভাই আপনি ভালো মানুষ কিন্তু আপনার দল বিএনপি ভালো দল নয়। আজ ইনাম চৌধুরী আওয়ামী লীগে যোগদান করেছেন, আমরা তাকে বুকে টেনে নিয়েছি। তিনি বিএনপিতে থাকলেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন।’মোমেন বলেন, ‘তিন কারণে ইনাম চৌধুরী আওয়ামী লীগে এসেছেন। এই তিনটি কারণের অন্যতম হচ্ছেÑতিনি জাতির পিতাকে বঙ্গবন্ধু সম্বোধন করতেন। এ ছাড়া ১৫ আগস্টে কোনো দিনই খালেদা জিয়ার জন্মদিন পালন করেননি এবং তিনি দেশপ্রেমিক। আর একজন প্রকৃত দেশপ্রেমিক বিএনপিতে থাকতে পারেন নাÑএর বড় প্রমাণ আজকের ইনাম আহমেদ চৌধুরী।’
মতবিনিময়সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বক্তব্য দেন। পেশাজীবীদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল কুদ্দুছ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ডা. এসএ আজিজ, কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা। সভার শুরুতেই ইনাম আহমেদ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন ড. একে আবদুল মোমেন। সভাশেষে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।




