241083

আইভী কী করবেন?

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জ-৫ আসনের বন্দরের ৫টি ইউনিয়ন ও সদরের দুটি ইউনিয়ন এলাকা ছাড়া বাকি পুরো এলাকাটিই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। এ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্বে রয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী। সিটি কর্পোরেশনের এলাকায় আইভীর ভোট ব্যাংক রয়েছে। টানা দুইবার মেয়র পদে জয়ী হয়েছেন আইভী। একবার শামীম ওসমানকে পরাজিত করে এবং পরের বার বিএনপির প্রার্থীকে পরাজিত করে তিনি মেয়র হন।

আসন্ন জাতীয় নির্বাচনে এই আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির সেলিম ওসমান। তার বিরুদ্ধে লড়ছেন নাগরিক ঐক্যের এস এম আকরাম। সেলিম ওসমান শামীম ওসমানের ভাই এবং ওসমান পরিবারের সন্তান হওয়ায় এলাকায় তার প্রভাব রয়েছে। এর বিপরীতে এস এম আকরাম এলাকায় ততটা শক্তিশালী অবস্থানে নেই। তবে এই আসনে জিততে এক্স ফ্যাক্টর আইভীর ভোট ব্যাংক।

নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করলেও তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোট প্রার্থনায় আগ্রহী নন। বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজনের সঙ্গে তিনি বৈঠক করলেও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আচরণ করছেন অনেকটা সতীনের মত। তবে আওয়ামীলীগের সাবেক এই এমপি নির্বাচনী বৈতরী পার হওয়ার জন্য ভরসা করছেন আওয়ামীলীগের একটি অংশের ভোটের উপর।

নারায়ণগঞ্জে শহর কেন্দ্রীক রাজনীতিতে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মধ্যে বিরোধ দ্বন্দ্ব রয়েছে। এদিকে শামীম ওসমান অন্যদিকে মেয়র আইভী। নির্বাচনী আচরণ বিধিতে বাধা নিষেধ থাকায় মেয়র আইভী নির্বাচনের প্রচারণায় থাকতে পারবেন না। এতে এসএম আকরামের জন্যও আরেকটু সুযোগ হয়ে দাড়িয়েছে। নতুবা মেয়র আইভীকে অনেকটা বাধ্য হয়েই মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের পক্ষেই নামতে হতো। কারণ তিনি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন।

সূত্রের খবর আওয়ামী লীগের বিরোধের কারণে ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম আকরাম ওসমান বিরোধী ভোট টানতে চাচ্ছেন। কেউ কেউ বলছেন, ২০১১ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র আইভীকে সুযোগ করে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এসএম আকরাম। তিনি আওয়ামীলীগের সমর্থন পাননি। যে কারণে নির্বাচনের পরের দিন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। ওই সময় তিনি জেলা আওয়ামী লীগের আহ্বায়ক পদে ছিলেন।

তবে আইভীর নিয়ন্ত্রণে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও মহাজোটের প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। যে কারণে এসব বিষয়গুলো আরো জোরালোভাবে দেখা যাচ্ছে। তবে প্রশ্ন রয়েছে শেষ পর্যন্ত মেয়র আইভীর অনুগামী ও আইভীর ভোট ব্যাংক কার বাক্সে যাবে? এমপি সেলিম ওসমান নাকি এসএম আকরামের বাক্সে। উৎস: বিডি-জার্নাল।

ad

পাঠকের মতামত