এই আঘাত মেনে নেয়া যায় না: কামাল হোসেন
অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না দিলে যাদের নির্বাচিত দাবি করা হবে তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।তিনি বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না দেওয়া হলে যারা নির্বাচিত দাবি করবে তাদের কোনোভাবেই নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়া যাবে না। তখন মহাসঙ্কট সৃষ্টি হবে। জনগণ দেশের ক্ষমতার মালিক। তাদের ভোট দিতে না দেওয়া স্বাধীনতার ওপর আঘাত। এই আঘাত মেনে নেওয়া যায় না।শুক্রবার বিকালে রাজধানীর পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন।সরকারের উদ্দেশে কামাল হোসেন বলেন, স্বাধীন দেশে ক্ষমতার মালিক জনগণ, জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করা থেকে বিরত থাকুন। মাথা ঠিক করেন, মাথা ঠাণ্ডা করেন, আপনাদের ভালোভাবে বলছি এখনও সাত দিন সময় আছে।
তিনি বলেন, মাথা ঠিক করেন। মাথা ঠাণ্ডা করেন। মাথা সুস্থ করেন। ইলেকশনে জিততে হবে। এভাবে ভাঁওতাবাজি করে জিতবেন, এটাকে জেতা বলে না। মানুষের সঙ্গে ভাঁওতাবাজি করা, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা সংবিধান লঙ্ঘন।এখনো নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার সুযোগ আছে মন্তব্য করে কামাল হোসেন বলেন, জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে না দিলে দেশে মহাসঙ্কটের সৃষ্টি হবে। এখনও সামনে সাত দিন সময় আছে। এই সময়ের মধ্যে বিরোধী নেতাকর্মীদের হয়রানি-গ্রেফতার বন্ধ করে, প্রচারণার সমান সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। তা না করে ভাঁওতাবাজির নির্বাচন করলে তা কেউ মেনে নেবে না।




