১৮টি আসনে নির্বাচন স্থগিতের দাবি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের যে ১৮টি আসনের প্রার্থিতা বাতিল হয়েছে সেই আসনে নতুন প্রার্থী দেয়ার সুযোগ দেয়া অথবা নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি বলেন, নির্বাচন কমিশনে গিয়ে আমরা বলেছি, যেসব আসনে বিএনপির প্রার্থীদের অবৈধ ও ‘বেআইনিভাবে’ শূন্য ঘোষণা এবং বাতিল করা হয়েছে, সেই আসনগুলোতে আমাদের প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া হোক। অথবা সেই আসনগুলোতে নির্বাচন স্থগিত রাখা হোক, পরে তফসিল ঘোষণা করে আবার নির্বাচন দেওয়া হোক।
এদিকে ভোটের দিন যত গনিয়ে আসছে, বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীর সংখ্যাও তত বাড়ছে। সর্বশেষ হিসেব অনুযায়ী হাইকোর্ট এ পর্যন্ত ১৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। এর মধ্যে ১৬ জন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী।আদালতে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যে প্রার্থীকে বৈধ বলবে, সেই প্রার্থীকে অবৈধ বলার এখতিয়ার হাইকোর্টের আছে কি? বিচার বিভাগ ‘উদ্দেশ্যমূলকভাবে’ বিএনপির প্রার্থীদের বাতিল করছেন। হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, এই আদেশটা এখন আমরা কী বলব? কী বলব আমরা সেটাকে? এটাকে কি আইনসম্মত বলব? নাকি বেআইনি বলব? নাকি উদ্দেশ্যপ্রণোদিত বলব? তিনি বলেন, একই আদালতে একই কারণে একজনকে বৈধ আর আরেকজনকে অবৈধ বলা হয়েছে।




