240942

নির্বাচন নিরপেক্ষভাবে না হলে ডিসির ‘ক্ষতি সাধনের’ হুমকি

বরগুনার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কবির মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ‘ক্ষতি সাধনের’ হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে এই হুমকি দেওয়া হয়। আজ শুক্রবার গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জানান ডিসি।কবির মাহমুদ জানান, গতকাল ডাকযোগে একটি চিঠি পান তিনি। এক পাতার সেই চিঠিতে বরগুনার দুটি সংসদীয় আসনে নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধনের হুমকি দেয়া হয়েছে। তবে হুমকির ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেননি বলেও জানান এই জেলা প্রশাসক।

এদিকে উড়ো চিঠিতে হুমকির বিষয়ে ডিসির চিন্তিত হওয়ার কিছুই নেই বলে মন্তব্য করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন। তিনি বলেন, ‘পুলিশ তাকে ও পরিবারের সদস্যদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করেছে। বরগুনার আইন-শৃঙ্খলার অবস্থা অন্যান্য সময়ের তুলনায় অনেক ভালো। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয়-ভীতি প্রদর্শনের জন্যই এ ধরনের চিঠি দিয়েছে দুবৃর্ত্তরা।’উল্লেখ্য, গত বুধবার মাদারীপুরে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম বরাবর একটি চিঠি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। চিঠিতে তাকে ও তার পরিবারের সদস্যদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে। বরগুনা ও মাদারীপুর ছাড়াও দেশের আরও কয়েক জন জেলা প্রসাশককে একই ধরনের চিঠি পাঠিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।

ad

পাঠকের মতামত