বিএনপি নেতাদের বাড়ি বাড়ি পুলিশ-র্যাবের তল্লাশি
কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনের দুটি উপজেলার বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে পুলিশ ও র্যাব।এ সময় বিএনপি প্রার্থী মো. শরীফুল আলমের ভগ্নিপতি কুলিয়ারচর পৌর বিএনপি নেতা মো. সাফি উদ্দিন এবং ভৈরব উপজেলা বিএনপির সহসভাপতি হারিছ উদ্দিনসহ ৮ নেতাকর্মীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছে কুলিয়ারচর ও ভৈরব থানা পুলিশ।বুধবার রাতে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম অভিযোগ করেন,আমাদের নেতাকর্মীরা কেউ রাতে বাড়িঘরে থাকতে পারছেন না। বুধবার রাতে পুলিশ ও র্যাবের লোকজন নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে আতংক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় বিনা কারণে আট নেতাকর্মীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।
পুলিশ ও র্যাবের অভিযানের ভেতর প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা তার কুলিয়ারচর,আগরপুর,বাজরা, গুবরিয়া আব্দুল্লাপুর,বড়চারা, ছয়স‚তীও সালুয়া এলাকার আটটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তিনি।এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার ওসি নান্নু মোল্লা জানান, বিএনপি প্রার্থী শরীফুল আলমের ভগ্নিপতি সাফি উদ্দিনকে পুলিশ নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে।বিনা কারণে কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না বলেও এ সময় দাবি করেন তিনি। সূত্র: যুগান্তর




