প্রাণনাশের শঙ্কায় বদিপত্নী শাহিনা
জেলা প্রতিনিধি: এমপি আবদুর রহমান বদির হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতা ও টেকনাফের ২৫ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী অভিযোগ দিয়েছিলেন ১৭ ডিসেম্বর। এর দুদিনের মাথায় বিএনপি প্রার্থীর ভাই ও নেতাদের হুমকিতে স্বামী এবং নেতাকর্মীদের নিয়ে শঙ্কার কথা জানিয়ে অভিযোগ দিয়েছেন একই আসনের নৌকার প্রার্থী ও বদিপত্নী শাহিনা আকতার।১৯ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া আবেদনে বিএনপি প্রার্থীর ভাই জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহজালাল চৌধুরী ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে আতঙ্কের অভিযোগ দেয়ার ১২ ঘণ্টার মাথায় তিন নম্বর অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পূর্বের নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি গ্রেফতার হয়েছেন বলে উল্লেখ করেছে পুলিশ সূত্র।অভিযোগে নৌকার প্রার্থী শাহিনা আকতার উল্লেখ করেন, কক্সবাজার-৪ আসনে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী বিধি মেনে শৃঙ্খলার সাথে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু বিএনপির মনোনীত প্রার্থীর ভাই জামায়াত নেতা শাহজালাল চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে আসছে।




